রীতা ঘোষ
দুবাই, সংযুক্ত আরব আমীরশাহী
ঈর্ষা
শচিন একটা প্রাইভেট
কোম্পানিতে ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ করে । বাবা ,
মা , ভাইয়ের ছোট্ট সংসারে নতুন অতিথি রাখী । ভাইয়ের পড়াশোনা ,
সংসারের দায় দায়িত্ব সব শচিনের কাঁধে । যা মাইনে পায় ,
তাতে কোনরকমে সংসার চলে যায় । তবে মাকে খুবই হিসাব করে চালাতে
হয় ।
এই মাস খানেক হল ,
রাখী প্রেগন্যান্ট । ওর ওজন বেশ কম । ডাক্তার ওকে ভাল খাওয়া
দাওয়া করতে বলেছে , সাথে ক্যালসিয়াম ও আয়রনের টনিক ।
বাড়ি ফিরে শচিন মাকে সব
জানালো । রাখীকে রোজ ডিম সেদ্ধ , দুধ , ফল নিয়ম করে খেতে হবে ...।
মা বললেন ,
'' খোকা ! কাল থেকে তবে ওই
সবকিছু বেশী বেশী আনিস । তোর বাবার আর আমারও তো বয়স হয়েছে । তোরাও দুইভাই এতো খাটা
খাটনি করিস ...। ''
শচিন মানিব্যাগটা বের করে
টাকা গুনতে গুনতে বলে , '' ওকে কি তবে বাপের বাড়িতে রেখে আসবো ...... ?
''
সত্যি - মিথ্যা
অফিস থেকে শোভনের ফিরতে এতো
দেরী দেখে, শিপ্রা খুব অস্থির হয়ে পড়লো । নানান রকম দুশ্চিন্তা আসছে ওর মাথায় । শোভনকে
এতবার ফোন করলো, কিন্তু ফোনটা প্রতিবারই সুইচড অফ । শেষে অফিসে এবং এক দুজন কলিগ ও বন্ধুকেও
ফোন করলো ।
বেশ রাত্রিতে শোভন বাড়ি ফিরলে,
দরজা খুলেই শিপ্রা চেঁচামেচি শুরু করে দিলো ।
শোভন ধীর শান্ত গলায়,
'' একদিন নাহয় একটু দেরীই হয়েছে
। অফিসে একটা মিটিং চলছিলো , তাই ফোনটা অফ করে রেখেছিলাম । এতো পরিশ্রম করে ফিরলাম,
একটু মিষ্টি গলায় কথা বলবে কিনা ,
তা নয় ... ঢুকতে না ঢুকতেই শুরু ... ''
বলে বিরক্তি প্রকাশ করে বেডরুমের দিকে অগ্রসর হল ।
শিপ্রা গলা দ্বিগুণ করে ,
'' মিথ্যার মিষ্টতা অনেক বেশী ,
আর সত্যের আওয়াজ ...'' বলেই মুখের ওপর দরজাটা বন্ধ করে দিলো ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন