প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

কবিতা







তৈমুর খান
         রামপুরহাট, বীরভুম



আলোর কাছে আসতে ভয়
খুব আলোতে ঝলসে যাচ্ছে
দু'চোখ আমার —
কিছুই তো দেখছি না আর
এমনকী নিজেকেও না !
জোরে বাঁশি বাজছে
আর নাচছে সবাই
নাচার ভেতর কী অভিনয়  ?
কী অনুষ্ঠান ?
বুঝছি না তার বিন্দুটিও ।
অন্ধকারের জলাশয়ে
অথচ কেউ সাঁতার কাটছে
সাঁতার কাটছে বিজ্ঞমানব
হাঁস হয়েছে কোলাহলে ।
সফল যুগ বানাচ্ছে তারা
আর নিজেরা নিজের মতো
আলোর অহংকারে ডুবছে ।
স্বপ্নবনে পথ হারাচ্ছি
অবশ্য কেউ পথ খোঁজে না —
পথের মাঝেই ক্লান্ত হয় ।
দু'একটি মুখ মনে থাকে
ঘুমিয়ে পড়ার ইচ্ছের ভেতর
দু'একটি মুখের ইশারা
ছায়ার মতো নড়েচড়ে ।
কথার ভেতর কথা রেখে
চুপ হয়ে যাই । একেবারে চুপ ।
ধাঁধা লাগে । ধাঁধা পাই ।
আলোর কাছে আসতে ভয় ।
তীব্র আলো বন্ধ করো । বন্ধ করো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন